ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৭ নির্বাচনি এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এই আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি এই আসনে ‘মোরগ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে আয়োজিত বিএনপির এক নির্বাচনি পথসভায় এই নাটকীয় ঘোষণা আসে। পথসভা চলাকালে মঞ্চে স্বয়ং তারেক রহমানের উপস্থিতিতে কাজী এনায়েত উল্লাহ তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান।
সমাবেশে উপস্থিত হাজারো মানুষের সামনে এনায়েত উল্লাহ বলেন, ঢাকা-১৭ আসনের বৃহত্তর স্বার্থে এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি তার বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে তার চেয়ে যোগ্য কোনো প্রার্থী এই মুহূর্তে নেই। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার হাতকে শক্তিশালী করতেই এই ত্যাগ স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন।
বক্তব্য শেষে এনায়েত উল্লাহ তার সমর্থকদের প্রতি আহ্বান জানান যেন তারা আজ থেকেই ‘মোরগ’ প্রতীকের প্রচার বন্ধ করে ‘ধানের শীষের’ বিজয় নিশ্চিত করতে মাঠে নামেন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, এখন থেকে তিনি এবং তাঁর কর্মীরা সম্মিলিতভাবে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবেন।
মঞ্চে এই ঘোষণার পর তারেক রহমান ও কাজী এনায়েত উল্লাহকে উষ্ণ কুশল বিনিময় করতে দেখা যায়।