Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: এসআরএফ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৩

ঢাকা: ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতার ওপর অযৌক্তিক হস্তক্ষেপ বলে মন্তব্য করে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে কঠোর বিধিনিষেধ আরোপকে ‘নগ্ন, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে সংগঠনটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এক যৌথ বিবৃতিতে বলেন, মোবাইল ফোননির্ভর এই যুগে সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা আনার যুক্তি ভিত্তিহীন। বরং এতে ভোটের অনিয়ম আড়াল করার সুযোগ সৃষ্টি হবে এবং ভোটগ্রহণের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেবে।

বিজ্ঞাপন

তারা বলেন, সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দেওয়া নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ নয়। বরং এটি নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার একটি গুরুত্বপূর্ণ উপাদান।

নির্বাচন কমিশনের জারি করা নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্য কারও মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে। বাস্তবে এই নির্দেশনা নির্বাচনকেন্দ্রে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্যক্রম কার্যত অচল করে দিচ্ছে বলে মন্তব্য করেছে এসআরএফ।

এসআরএফ মনে করে, এ ধরনের সিদ্ধান্ত সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারকে সরাসরি ক্ষুণ্ন করে।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের মোবাইল বহনে বাধা দেওয়া মানে নির্বাচনসংক্রান্ত তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করা এবং নির্বাচন প্রক্রিয়াকে জনসমক্ষে অস্বচ্ছ করে তোলা। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় সংগঠনটির নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর