Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগে ঝুঁকির মুখে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‎সংস্থাটি মনে করছে, এই প্রান্তিক ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ঝুঁকির কারণ ও টিআইবির পর্যবেক্ষণ বিষয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচন-পূর্ব এবং নির্বাচনকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠী নানা ধরনের নিরাপত্তাহীনতা ও ভয়ভীতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে, প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে প্রবেশের সুব্যবস্থার অভাব। সেই সঙ্গে নারী ও ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে যেতে বাধা বা ভয়ভীতি প্রদর্শন। এবং স্থানীয় পর্যায়ে কোনো সমস্যা তৈরি হলে তা দ্রুত সমাধানের (রিয়েল টাইম সলিউশন) কার্যকর ব্যবস্থার অভাব।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৈঠকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সেলের কর্মকর্তাদের কাছে এসব উদ্বেগের কথা বিস্তারিত তুলে ধরা হয়। টিআইবির পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনার দাবি জানানো হয়েছে। জবাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, নাগরিক সমাজ বা বিভিন্ন সংগঠনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ড. ইফতেখারুজ্জামান আশা প্রকাশ করেন, কমিশন কেবল আশ্বাসেই সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে এর প্রতিফলন ঘটাবে, যাতে প্রতিটি নাগরিক সমানভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর