Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে পৌঁছেছে পৌনে ৫ লাখ ব্যালট

‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮

‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশ ও প্রবাসে অবস্থানরত ভোটারদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদানের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে আজ সকাল পর্যন্ত প্রায় পৌনে ৫ লাখ প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

‎বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের (ইসি) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

‎হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রবাসে ও দেশের অভ্যন্তরে (ICPV) পোস্টাল ভোটিং কার্যক্রমে ব্যাপক অগ্রগতি হয়েছে।

‎প্রবাসী ভোটারদের কার্যক্রমের চিত্র

‎নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রবাসী ভোটারদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশগুলোতে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন প্রবাসী।

‎সংগৃহীত তথ্যে আরও দেখা যায়, ভোট দেওয়ার পর ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগ বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি ব্যালট এরইমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দফতররে পৌঁছেছে।

‎দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোট (ICPV)

‎একইভাবে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (যারা কর্মস্থল বা অন্য কারণে কেন্দ্রে যেতে পারবেন না) পোস্টাল ভোটিং কার্যক্রমও পুরোদমে চলছে।

‎ব্যালট প্রেরণ: ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি

‎ভোটার কর্তৃক গ্রহণ: ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন

‎ভোটদান সম্পন্ন: ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন

‎ডাকঘরে জমা: ৫ লাখ ৬১ হাজার ১৩৯ জন

‎রিটার্নিং কর্মকর্তার নিকট পৌঁছেছে: ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট

‎প্রযুক্তির ছোঁয়ায় স্বচ্ছ ভোটদান

‎নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রবাসীরা সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। অ্যাপের মাধ্যমে ভোটাররা তাদের ব্যালট পেপারের অবস্থান ট্র্যাক করতে পারছেন, যা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করেছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছানো এই ব্যালটগুলো মূল নির্বাচনের দিন সাধারণ ভোট গণনার সময় অন্তর্ভুক্ত করা হবে।

‎বিপুল সংখ্যক প্রবাসীর এই অংশগ্রহণকে অংশগ্রহণমূলক নির্বাচনের একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

‎নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ডিজিটাল অ্যাপ ও ডাক ব্যবস্থার সমন্বয় প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকারের দাবি পূরণ করেছে। দ্রুততম সময়ে ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছানোর জন্য ডাক বিভাগের সঙ্গে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

দেশে পৌঁছেছে পৌনে ৫ লাখ ব্যালট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮

আরো

সম্পর্কিত খবর