Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের আমেজে বন্দরনগরী, কেন্দ্রে পৌঁছাল নির্বাচনি সরঞ্জাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৭

চট্টগ্রামের ভোটকেন্দ্রগুলোতে ব্যালটপেপারসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৭ বছর পর ভোটের আমেজ দেখা যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। ভোট উৎসবে অংশ নিতে ঈদের আমেজে দলে দলে মানুষ নগরী ছেড়েছেন। এতে ব্যস্ত নগরী অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে।

এদিকে ভোটের আগেরদিন বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে চট্টগ্রামের ভোটকেন্দ্রগুলোতে ব্যালটপেপারসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হচ্ছে।

চট্টগ্রাম নগরীর বন্দর স্টেডিয়াম থেকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে৷ ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এ কার্যক্রম মনিটরিং করছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে মহানগরীর আওতাধীন বাকি পাঁচটি কেন্দ্রের ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং অফিসারেরা স্ব স্ব কেন্দ্রের সরঞ্জাম বুঝে নিচ্ছেন।

জেলার বাকি ১০টি আসনের নির্বাচনি সরঞ্জাম স্ব স্ব উপজেলা সদরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে।

চট্টগ্রামের অতিরিক্তি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন সারাবাংলাকে বলেন, ‘দুপুরের মধ্যে ভোটের সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা সেগুলো নিয়ে কেন্দ্রে পৌঁছে সহকারী রিটার্নিং অফিসারকে রিপোর্ট করবেন। এরপর তারা কেন্দ্রে বুথ স্থাপন করে আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করবেন।’

ব্যস্ত নগরী অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। বিকেল থেকেই শ্রমজীবী মানুষ চট্টগ্রাম ছাড়তে শুরু করে। ছবি: সারাবাংলা

দুপুরে জেলা স্টেডিয়ামে ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম পরিদর্শনে যান চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯ ও ১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। তিনি সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচনের প্রস্তুতি দেশের অতীতের সব নির্বাচনের চেয়ে বড় প্রস্তুতি। নির্বাচন নিয়ে প্রশাসন কোনো ধরনের ‘ঝুঁকি অনুভব করছে না। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। আমরা প্রত্যেক কেন্দ্রের ওপর বিশেষ নজর দিচ্ছি।’

চট্টগ্রাম জেলার ১০টি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বুধবার দুপুরে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় গিয়ে ভোটের কার্যক্রম পরিদর্শন করেন।

নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকারি ছুটিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল থেকেই শ্রমজীবী মানুষ চট্টগ্রাম ছাড়তে শুরু করে। নগরীর প্রবেশ পথগুলোতে রীতিমতো ঘরমুখো মানুষের ঢল নামে।

আজ সকাল থেকে চট্টগ্রামের ব্যস্ততম নিউমার্কেট থেকে টাইগারপাস হয়ে আশপাশের এলাকা অনেকটাই ফাঁকা দেখা গেছে।

বিজ্ঞাপন

চকরিয়ায় বাসচাপায় ইজিবাইকচালক নিহত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর