ঢাকা: কুমিল্লা-৪ আসনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রাজনৈতিক দলটি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা-এর সই করা এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য সরাসরি ভোটারদের প্রাণ ও সম্পদের নিরাপত্তার প্রতি হুমকি, স্বাধীন ভোটাধিকার হরণ করার প্রকাশ্য ঘোষণা এবং গণতন্ত্র ও আইনের শাসনের বিরুদ্ধে সুস্পষ্ট আক্রমণের শামিল। এ ধরনের বক্তব্য নির্বাচনী আইন, সংবিধান এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ডের চরম লঙ্ঘন।
আরও বলা হয়, ভোট দেওয়া কোনো অপরাধ নয়; এটি নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা দখলের চেষ্টা একটি ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। ঋণখেলাপির দায়ে আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত একজন ব্যক্তি প্রকাশ্যে ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে পারছে। এটি রাষ্ট্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি গুরুতর সতর্কবার্তা। জাতীয় নাগরিক পার্টি মঞ্জুরুল আহসান মুন্সীর এই সহিংস ও গণতন্ত্রবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং তাকে অবিলম্বে গ্রেফতার করে নির্বাচন আচরণবিধি, দণ্ডবিধি ও প্রযোজ্য ফৌজদারি আইনের আওতায় মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।
বিবৃতিতে প্রশাসনের উদ্দেশ্যে বলা হয়, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান, এ ধরনের সন্ত্রাসী ও ভয়ভীতি প্রদর্শনমূলক হুমকিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হবে।