ঢাকা: চীন-বাংলাদেশ সম্পর্ক ও দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে চীনের সম্পর্ক, কোনও তৃতীয় পক্ষের লক্ষ্যবস্তু নয় এবং কোনও বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না। এই সম্পর্কগুলিতে হস্তক্ষেপ বা বাধা দেওয়ার যে কোনও প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে ঢাকার চীনা দূতাবাস।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার চীন দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে চীন দূতাবাসের মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশ একে অপরকে সম্মান করে এবং সমর্থন করে এবং দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং পারস্পরিক উপকারী সহযোগিতার একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে।
তিনি আরও বলেন, চীন দক্ষিণ এশিয়ার দেশগুলির একটি বিশ্বস্ত অংশীদার এবং দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে এর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করেছে, উন্নয়ন ও পুনরুজ্জীবনকে উৎসাহিত করেছে এবং এই অঞ্চলের জনগণ এটিকে সমর্থন ও স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূতের রয়টার্সকে বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং চীনের সাথে নির্দিষ্ট ধরণের সম্পর্কের ঝুঁকি স্পষ্টভাবে জানানোর জন্য বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন রাষ্ট্রদূতের এ বক্তব্যের বিষয়ে চীনের প্রতিক্রিয়া জানতে চাইলে চীনের মুখপাত্র বলেন, চীনা দূতাবাস প্রাসঙ্গিক বিষয়ে তাদের গম্ভীর অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আবারও একই পুরনো সুর গাইছেন, চীন-বাংলাদেশ সম্পর্কের দিকে আঙুল তুলেছেন এবং সাদা-কালো মিশ্রিত করছেন। এই ধরনের মন্তব্য গোপন উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে।