Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৮ সালে ভোট দিতে না পারলেও এবার পেরেছি: ডিএমপি কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা: ২০১৮ সালে ভোট দিতে এসে নিজের অভিজ্ঞতা উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এই কেন্দ্রেই ১৮ সালের নির্বাচনে আমি ভোট দিতে এসেছিলাম। তখন আমার বাসা এখানে ছিল।

তিনি বলেন, আপনারা জানেন আমি ১৬ সালে অবসর নিয়েছি। এখন ডিএমপি কমিশনার হিসেবে মিন্টু রেডে থাকি। ২০১৮ সালে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসে গেট পার হয়ে যখন ভেতরে গিয়েছিলাম, তখন আমাকে বলা হলো আপনার ভোট দেওয়া হয়েছে। এই কথা শুনে আমি গেট থেকেই ফেরত চলে গিয়েছিলাম। তবে এবার ভোট দিতে পেরেছি এবং অন্যরাও নির্বিঘ্নে নিজের ইচ্ছা মতো ভোট দিচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস ধরে গুজব শুনছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজ আপনারা নিজেরাই দেখছেন চমৎকার ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই, কোনো শঙ্কাও নেই।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত। এই ভোটে আমিও শরিক হলাম।

সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে কমিশনার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফল মেনে নেওয়ার বক্তব্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।

ডিএমপি কমিশনার বলেন,  টিভি স্ক্রিনে দেখলাম, উভয় দলই বলছে ফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, সবাই সেটা মেনে নেবেন এটাই স্বাভাবিক।

শেখ সাজ্জাত আলী বলেন, দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে বলে তিনি আশা করছেন।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো