ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আমরা ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি। আমরা চাই বিকেল পর্যন্ত এই উৎসাহ বজায় থাকুক। সারাদেশ অবস্থান করা মিশনের অন্যদের থেকে একইরকম তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর এ কথা বলেন ইইউ’র নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান।
ইভার্স ইজাবস বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। সারাদেশে মোতায়েন করা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রতিবেদন, তথ্য পাচ্ছি। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তারা কেবল ভোট পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং আশা করছেন, এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য। ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব, যেখানে দেখানো হবে এই নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে।