ঢাকা: ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) থেকে এখন পর্যন্ত ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১ হাজার ২৪৯ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ২৪২ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র ৭ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়।
সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে নিজেদের মতামত প্রয়োগ করেছেন বলে জানান সংশ্লিষ্টরা। এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ সময় ৫৯টি কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায় এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।