রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে জামায়াত প্রার্থী মাওলানা নুরুল আমিনের (দাঁড়িপাল্লা) সামান্য ব্যবধানে জয় ঘোষণার পর ভোট পুনর্গণনার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে পীরগঞ্জ উপজেলা। বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের (ধানের শীষ) কর্মী-সমর্থকরা পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে।
সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী নুরুল আমিন পেয়েছেন (দাঁড়িপাল্লা) ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট। অন্যদিকে সাইফুল ইসলাম পেয়েছেন (ধানের শীষ) ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।
জামায়াত প্রার্থী মাত্র ২ হাজার ৪২৫ ভোটের ব্যবধানে জয়ী ঘোষিত হয়েছেন। বিএনপি কর্মীরা দাবি করছেন, কয়েকটি কেন্দ্রে জাল ভোট, এজেন্টদের বাধা দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং গণনায় অনিয়ম হয়েছে। তারা বলছেন, পুনর্গণনা না হলে ফলাফল মেনে নেওয়া যাবে না। পুনর্গণনার দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না।
পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে, পীরগঞ্জ বাজার এলাকা এবং আশপাশের সড়কে বিএনপি কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। স্লোগান উঠছে ‘জাল ভোট মানি না’, ‘পুনর্গণনা চাই’, ‘নুরুল আমিন ফিরে যাও’ ইত্যাদি। কয়েকটি স্থানে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা পুনর্গণনার দাবি জানাচ্ছি। কয়েকটি কেন্দ্রে আমাদের এজেন্টদের বাধা দেওয়া হয়েছে, ভোটারদের ভয় দেখানো হয়েছে। ফলাফল স্বচ্ছ নয়। জনগণের রায় মেনে নিতে হলে পুনর্গণনা করতে হবে।’