Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিতির সম্ভাবনা কম মোদির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীসহ আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে সফরে যাচ্ছেন। ওই দিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠক নির্ধারিত রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্রোঁ পরে নয়াদিল্লিতে একটি এআই সংক্রান্ত সম্মেলনে অংশ নেবেন এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন। এ কর্মসূচির কারণে মোদির পক্ষে ঢাকায় শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নাও হতে পারে।

তবে শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী ফোন করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং নির্বাচনে জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে পারস্পরিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর