Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরা হত্যা মামলা
হাবিবসহ ৫ আসামির রায়ের তারিখ ঘোষণা আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৯

ঢাকা: রামপুরায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একজনকে আহত ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে আজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ ঘোষণা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার রয়েছেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বাকি চার আসামি পলাতক। তারা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া।

বিজ্ঞাপন

গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পালটা যুক্তি উপস্থাপন শেষ হয়। সেদিন চঞ্চলের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন খালাস চান এবং অভিযোগের সঙ্গে তার মক্কেলের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। পলাতক চার আসামির পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন তাদের নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেন। এসব যুক্তির তাৎক্ষণিক খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুনানি শেষে রায় ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে, ২৯ জানুয়ারি প্রসিকিউশন যুক্তি উপস্থাপন শেষ করে। সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দির ভিত্তিতে পাঁচ আসামির সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে বলে দাবি করে তারা সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। গত বছরের ১৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একই বছরের ৭ আগস্ট প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই প্রাণ বাঁচাতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন নামে এক তরুণ। পুলিশ তার পিছু নেয়। এক পর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকলেও তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর