এই ম্যাচ নিয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকেই আলোচনার কমতি ছিল না। ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিল পাকিস্তান। নানা নাটকের পর অবশেষে কলম্বোতে মাঠে নেমেছিল দুই দল। সেই ম্যাচে ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এমন হারে সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা রীতিমত ধুয়ে দিচ্ছে দলকে। সাবেক স্পিনার দানেশ কানেরিয়া বলছেন, এমন হারের চেয়ে ম্যাচ বয়কট করাই পাকিস্তানের জন্য কম লজ্জার হতো।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও উত্তেজনার কমতি ছিল না। তবে মাঠের বাইরের সেই উত্তেজনার ছিটেফোঁটাও ছিল না গত রাতের ম্যাচে। ব্যাটে-বলে পাকিস্তানকে পাত্তাই দেয়নি ভারত।
পাকিস্তানের কাছে এমন শোচনীয় হারের পর সাবেকদের তোপের মুখে পড়েছে পাকিস্তান। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে কানেরিয়া লিখেছেন, ‘সত্যি বলতে, বর্জন করাটা হয়তো কম লজ্জাজনক হতো।’
আরেক সাবেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ ইউসুফ বলছেন, ‘শাহীন, বাবর, শাদাবদের সময় ফুরিয়ে গেছে। টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন পারফর্মার দরকার। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ফাঁপা জয়ের দরকার নেই।’
সাবেক পাকিস্তানি ব্যাটার ও ধারাভাষ্যকার রমির রাজার মতে পাকিস্তানি ব্যাটারদের কোন উন্নতি নেই, ‘আসলে এটি এক বিপর্যয়ের মতো ছিল—বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে!! ভারত গত ২/৩ বছর ধরে পাকিস্তানের বিপক্ষে একই বোলিং আক্রমণ ব্যবহার করে আসছে এবং প্রতিবারই ব্যাটসম্যানরা অত্যন্ত সাধারণ মানের পারফরম্যান্স দেখিয়েছেন, কোনো উন্নতি নেই।’