Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের হাওয়ায় উড়তে থাকা পুঁজিবাজার একদিনেই নিচে নামল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৩

ঢাকা: নির্বাচনের হাওয়ায় উড়তে থাকা দেশের পুঁজিবাজারের উত্থান একদিনও টিকল না। নির্বাচনের আগে অল্পদামে কেনা শেয়ারের মুনাফা তুলে নেওয়ার কারণে দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার (১৬ ফেব্রুয়ারি) সূচকের পতন ঘটেছে। দরপতনের কারণে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষা, রাজনৈতিক মেরুকরণসহ নানান অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের প্রেক্ষাপটকে সামনে রেখে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগমুখী হচ্ছেন। ফলে পুঁজিবাজারে নতুন করে গতি ফিরতে শুরু করেছে। তবে সোমবার বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেশি থাকায় সূচকের পতন হয়েছে।

বিজ্ঞাপন

বাজার পর্যালোচনায় দেখা যায়, অনেকদিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। সোমবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে বেলা ১০টা ২০ মিনিটের পর থেকে সূচক পতনমুখী হতে শুরু করে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ৮.৬২ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই-তে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৩টি কোম্পানির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। এ দিন ডিএসইতে মোট ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫৪০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭.৫৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫২৬ পয়েন্টে, শরিয়াসূচক ৫.৫৮ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫০.৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসই-তে মোট ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ২২টির।

এ দিন সিএসই-তে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

প্রসঙ্গত, রোববার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৭

আরো

সম্পর্কিত খবর