গ্রুপ পর্বে শীর্ষ ৮ এ অল্পের জন্য জায়গা হয়নি তাদের। শেষ ম্যাচে বেনফিকার কাছে অবিশ্বাস্য এক হারে প্লে-অফে খেলতে হচ্ছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। প্লে-অফে তাদের প্রতিপক্ষ ছিল সেই বেনফিকাই। প্রথম লেগে ঘটনাবহুল এক ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের গোলে বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ১৬ তে এক পা দিয়ে রাখল রিয়াল।
বেনফিকার মাঠে পুরো সময়জুড়েই ছড়িয়েছে উত্তাপ। ফলাফল ছাপিয়ে তাই আলোচনায় এসেছে দুই দলের মুখোমুখি অবস্থানই। তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছেন বেনফিকা কোচ হোসে মরিনহো। খেলাও বন্ধ ছিল বেশ কিছুক্ষণ।
প্রথমার্ধে কোন গোল হয়নি। গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে লিড এনে দেন ভিনি। ৫০ মিনিটে করা তার একমাত্র গোলেই এগিয়ে যায় রিয়াল। ৩১ গোল নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি, ছাড়িয়ে গেলেন কাকাকে (৩০)। ৪৩ গোল করে তালিকার শীর্ষে বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড নেইমার।
ভিনির গোল উদযাপন নিয়েই শুরু দুই দলের দ্বন্দ্ব। আপত্তিকর উদযাপনে পান হলুদ কার্ড। এরপর বিবাদে জড়ায় দুই দল, খেলা বন্ধ থাকে ১০ মিনিট।
ভিনির সেই গোলই শেষ পর্যন্ত রিয়ালকে কাঙ্ক্ষিত জয় এনে দেয়। আগামী ২৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।
রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, হেরে গেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড, পিএসজি মোনাকোকে হারিয়েছে ৩-২ গোলে। গ্যালাতাসারের কাছে ৫-২ গোলে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে জুভেন্টাস।