Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামী-স্বজনসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫

চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম – ছবি : সংগৃহীত

ঢাকা: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব জানান, গত ২৯ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালত তাদের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। তবে নির্ধারিত দিনে কেউ হাজির না হওয়ায় বাদীপক্ষ গ্রেফতারি পরোয়ানার আবেদন করে যা আদালত মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মোছা. সুরভী বেগমের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, রুবিনা নিঝুম ও তার স্বামী রাহুলের সঙ্গে বাদীর পূর্ব পরিচয় ছিল। তারা বিভিন্ন সময় সুরভীর কাছ থেকে টাকা ধার নিয়ে সময়মতো পরিশোধ করায় তার আস্থা ও বিশ্বাস অর্জন করেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১ অক্টোবর তারা সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান। ১১ থেকে ২০ অক্টোবরের মধ্যে তিন দফায় ওই অর্থ তাদের দেওয়া হয়। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার চুক্তিনামাও সম্পাদিত হয়। চুক্তিতে উল্লেখ ছিল রাহুল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু মিঞা দায়ভার নেবে।

পরবর্তীতে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক সংকটে পড়ে গত বছরের ১ মে টাকা ফেরত চান। তবে রুবিনা নিঝুম ও রাহুল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এরপর ২২ সেপ্টেম্বর তিনি রামপুরার বনশ্রী এলাকার বাসায় গিয়ে টাকা চাইলে আসামিরা তা দিতে অস্বীকার করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তিনি রামপুরা থানায় সাধারণ ডায়েরিও করেন। এই প্রেক্ষাপটে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর