Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮

রাজশাহী: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মিনু বলেন, আমি রাজশাহীর সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

ভূমিমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।

বিজ্ঞাপন

রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন আঠারো ঘণ্টা কাজ করছেন। তার সুযোগ্য নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতবিনিময় সভাটি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর