Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩

ছবি: সারাবাংলা

ঢাকা: শীতের বিদায় হতে না হতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বসন্তের শুরুতেই দিনের বেলা সূর্যের তাপ কড়া অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া অধিদফতর ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি স্বস্তির বদলে রাতের তাপমাত্রা বাড়াতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত একটি লঘুচাপ বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি মঙ্গলবারও (২৪ ফেব্রুয়ারি) অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বৃষ্টির প্রভাবে সোমবার রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে রাতের তাপমাত্রা আবার কমতে শুরু করবে।

গত ২৪ ঘণ্টার রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর ডিমলাতে
সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন স্পষ্টভাবে অনুভূত হতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর