Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসিতে পরিবর্তনের আশায় পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা 

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯

ঢাকা: নতুন সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন’ (বিএসইসি)-এর শীর্ষ পদগুলোতে পরিবর্তন আসছে এমন খবর ছড়িয়ে পড়েছে। এমন খবরে চারদিনের পতনের পর দেশের পুঁজিবাজার ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, গত কয়েক দশকে জালিয়াতি এবং স্বার্থান্বেষী নীতিমালার কারণে পুঁজিবাজারে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, তা নিরাময়ে এখন সঠিক এবং সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ইশতেহারে যোগ্য ব্যক্তিদের নিয়ন্ত্রক সংস্থায় নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কোনো স্বার্থের সংঘাত আছে কি না বা তারা কোনো বিশেষ গোষ্ঠীর অনুগত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে। যা আগের দিন বেড়েছিল ২ পয়েন্ট।

তবে এর আগের চার কার্যদিবসের টানা পতনের মধ্যে বৃহস্পতিবার ৫৩ পয়েন্ট, বুধবার ৫১ পয়েন্ট, মঙ্গলবার ১৯ পয়েন্ট ও সোমবার ১১ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসই-তে ৭১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগেরদিন ছিল ৫৬৮ কোটি ৮ লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৫০ কোটি ৪৯ লাখ টাকার বা ২৬ শতাংশ।

আজ ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৪৭টির বা ৮৮.৯৭ শতাংশের। আর দর কমেছে ২১টির বা ৫.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২২টির বা ৫.৬৪ শতাংশের।

অপরদিকে পুঁজিবাজার সিএসই-তে সোমবার ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৬৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৪১ টির এবং পরিবর্তন হয়নি ১৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৫০ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর