Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থার দিনে লেনদেন কিছুটা বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৭

ঢাকা: চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (২২ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এরপরও বড় প্রতিষ্ঠানের কারণে বেড়েছে প্রধান মূল্যসূচক। তবে কমেছে শরিয়াহ সূচক। এইদিনে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্যসূচক কমেছে। মূল্যসূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

এর আগে গত সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় উত্থান হয়। একদিনে ডিএসই’র প্রধান সূচক বাড়ে ২০০ পয়েন্ট। তবে পরের চার কার্যদিবস টানা দরপতন হয়।

বিজ্ঞাপন

রোববার পুঁজিবাজারে লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যে দাম কমার তালিকা বড় হয়ে যায়। ফলে লেনদেনের শুরুর দিকে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। মাঝে কিছু সময়ের জন্য দাম বাড়ার তালিকায় চলে আসে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে সূচকও উর্ধ্বমুখী হয়।

কিন্তু লেনদেনের শেষদিকে দাম কমার তালিকায় চলে আসে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে এর মধ্যেও বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান ও বড় মূলধনের কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। ফলে দাম কমার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান থাকার পরও প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-তে মোট ১২৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে । এর বিপরীতে দাম কমেছে ১৯৪টির। এছাড়া ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৯৯টির দাম কমেছে এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৬টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ৪৩টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬টির শেয়ারের দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৭টির দাম বেড়েছে। বিপরীতে ৭টির দাম কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ কোম্পানির দর কমলেও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩০ পয়েন্ট কমে এক হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৪ পয়েন্টে উঠে এসেছে।

প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৫৯ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৮ কোটি ৯ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬২ লাখ টাকার। ২০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৫০ প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৯৩টির এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হযয়েছিল ১৩ কোটি ১০ লাখ টাকা।

সারাবাংলা /একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর