ঢাকা: মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত সংসদে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পর্যায়ক্রমে নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচন পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হলে তা সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত হবে।
তিনি আরও জানান, আপাতত পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই।
এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক নেতারা স্থানীয় বাস্তবতা সম্পর্কে বেশি অবগত— এ কারণেই তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সকালে এলজিআরডি মন্ত্রীর কাছে নবনিযুক্ত প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
নতুন প্রশাসকরা জানান, মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে তারা কাজ করবেন। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনগুলোতে সেবার মান বাড়িয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তারা।