Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বিশ্বকাপ ২০২৬
মেক্সিকোতে সংঘাত, হুমকিতে বিশ্বকাপের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৬

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো; দিন দেশ মিলে আয়োজন করবে এই মহারণের। তবে বিশ্বকাপ শুরুর ৩ মাস আগে বড় হুমকিতে পড়েছে মেক্সিকোতে হতে যাওয়া ম্যাচগুলো। শুধু তাই নয়, হুমকিতে পড়েছে মার্চে হতে যাওয়া বিশ্বকাপের প্লে-অফের কিছু ম্যাচও।

এই সপ্তাহে সেনাবাহিনীর অভিযানে এক মাদক সম্রাটের মৃত্যুর ঘটনায় মেক্সিকোয় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গুয়াদালাহারার কাছাকাছি শহর হালিস্কোয় তার দলের লোকজন বেশ কিছু স্থানে সহিংসতা চালিয়েছে। বাধ্য হয়ে প্রথম দিনেই চারটি ফুটবল ম্যাচ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। এর মধ্যে মেক্সিকোর তিনটি ভেন্যুতে হবে খেলা, যার একটি হলো গুয়াদালাহারার পাশের শহর সাপোপানের আক্রন স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

আবার এই স্টেডিয়ামেই আগামী মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফ-১। বিশ্বকাপের টিকিট পেতে এখানে লড়বে কঙ্গো, জ্যামাইকা ও নিউ ক্যালেডোনিয়া।

সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিকল্পও ভাবতে হতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার। এই মুহূর্তে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে বলে রয়টার্সকে জানিয়েছে ফিফা এক মুখপাত্র, ‘মেক্সিকোয়, হালিস্কোর পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও স্বাভাবিক জীবন ব্যবস্থা ফেরাতে (মেক্সিকো) সরকারের বিভিন্ন সংস্থার নেওয়া কার্যক্রম ও দিক নির্দেশনায় চোখ রাখছি আমরা এবং ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার প্রত্যয় আবার ব্যক্ত করছি আমরা।’

গুয়াদালাহারায় আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া, স্পেন, উরুগুয়ে, কলম্বিয়াসহ স্বাগতিক মেক্সিকোর ম্যাচ আছে এখানে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর