বাছাইপর্ব পেরিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে পা রেখেছেন তারা। বাংলাদেশের মেয়েরা এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নিতে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ায়, করছেন অনুশীলনও। গ্রুপে বাংলাদেশের অন্যতম কঠিন প্রতিপক্ষ চীন। অপেক্ষাকৃত দুর্বল দল হলেও চীন কোচ মিলিচিচ বাংলাদেশকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না।
বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে পড়েছে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। চীন এই টুর্নামেন্টের ৯ বারের রেকর্ড চ্যাম্পিয়ন। গ্রুপে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।
মিলিচিচ অবশ্য উত্তর কোরিয়ার মতো বাংলাদেশকে নিয়েও পরিকল্পনা সাজাচ্ছেন।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলিচিচ বলেন, ‘এখন প্রতিটি দলই আগের চেয়ে অনেক বেশি ফিট এবং সংগঠিত। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রথম ম্যাচে আমাদের প্রতিপক্ষ বাংলাদেশ, তাদের অবশ্যই সম্মান করতে হবে। কারণ এটি তাদের প্রথম এশিয়ান কাপ।’
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশের মুখোমুখি হবে চীন।