তিতুমীর কলেজ এর সকল সহশিক্ষামূলক ক্লাব ও সংগঠনকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠন, ক্লাব প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলা সৃষ্টি হয়। আয়োজকরা জানান, রমজানের আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের চেতনা থেকে সব সংগঠনকে একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সংক্ষিপ্ত বক্তব্যে শাখা নেতৃবৃন্দ বলেন, মতভেদ থাকলেও শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্য অটুট রাখা প্রয়োজন। তারা ক্যাম্পাসে ইতিবাচক ছাত্ররাজনীতি ও সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।