পাবনা: পাবনার ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমীনুজ্জামান জানান, নিহত বৃদ্ধা দাদি সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে গত রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
ওসি আরো জানান, যেহেতু এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর, সেহেতু মামলার তদন্তভার দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে।
এদিকে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শনিবার রাব্বি মন্ডল ও শরিফুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে জোড়া হত্যার ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। খুব শিগগির মামলার রহস্য উদঘাটন হবে বলেও জানিয়েছেন ওসি মমীনুজ্জামান।
শুক্রবার মধ্যরাতের পর ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। সকালে বাড়ির উঠানে দাদি সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এ সময় জামিলাকে খুঁজে না পেয়ে চারদিকে অনুসন্ধান শুরু হয়। পরে বাড়ি থেকে কিছু দূরের সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন ও পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় তারা খুব দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটনের আশ্বাস দেন।