ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রেসিডেন্টশিপ ফুলটাইম জব, অ্যাটাচমেন্ট বৃদ্ধি করতে হবে। চিকিৎসকদের সারাক্ষণ নতুন জ্ঞান অন্বেষণে থাকতে হয়, চিকিৎসকদের রাজনীতি না থাকাটাই যথাযথ। রাজনীতি শিক্ষায় ব্যাঘাত ঘটায়। এটা পড়াশুনার সময় থাকা উচিৎ না। শিক্ষকরাও রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন না। দেশের বৃহত্তর স্বার্থে আপনাদের কাছে এই অনুরোধ রাখলাম যে রাজনীতিতে এই শিক্ষার্থীদের ডাকবেন না।
রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন উচ্চতর মেডিক্যাল শিক্ষায় অধ্যয়নের জন্য মার্চ ২০২৬ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ তে ভর্তিকৃত রেসিডেন্ট চিকিৎসকদের (ছাত্রছাত্রী) ইনডাকশন প্রোগাম এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অপারেশনের বাইরেও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনে ঘর থেকে বের হতে পারিনি। কিন্তু পুলিশ বাসায় ঢুকে রাইফেল দিয়ে পিটিয়ে পায়ের লিগামেন্ট এ অনেক সমস্যা তৈরি করে। পরে ভারতে যাই চিকিৎসার জন্য। সেখানের চিকিৎসক বললেন অপারেশন লাগবে না, শুনে আমি তো অবাক। তারা আমাকে এক ধরনের জুতা ও ব্যায়াম দিল। এমন কি তাতেই অপারেশন ছাড়া ভালো হয়ে গেল। কিন্তু বাংলাদেশে আমার বন্ধুরা বলেছিল অপারেশন করতে হবে। আসলে এ রকম ভালো চিকিৎসক হতে হবে। বেশি বেশি জানতে হবে। অপারেশনের বাইরেও যে চিকিৎসা আছে সেটা চিকিৎসকদের জানতে হবে।
চিকিৎসকদের মানবিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের মানবিক হতে হবে। চিকিৎসক ভালো ব্যবহার করলে ৫০ ভাগ সুস্থ হয়ে যায়। বিদেশে অপারেশনের সময় রোগীর জন্য ফুল নিয়ে যায় যেন মন ভালো থাকে।
রেসিডেন্সি চিকিৎসকদের প্রতি আহবান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমাদের রোগীদের একটা বড় অংশ বিদেশে চলে যায়। আপনারা যে ১ হাজার ৩০৬ জন বড় ডিগ্রি নিতে এখানে এসেছেন। আপনাদের প্রতিটা মুহূর্ত শিখতে হবে। আমাদের দেশে নাম করা অনেক চিকিৎসক আছে। আপনাদের তাদের থেকেও আরও বড় হতে হবে। লেখাপড়ায় আপনদের সংযোগ বাড়াতে হবে, তাহলে আল্লাহ আপনদের সহায়তা করবে জাতীয় ক্ষেত্রে অবদান রাখতে।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, আমরা খুব ভাগ্যবতী এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি পায়ে হেঁটে চলেন, সচিবালয়ে অফিস করেন, তার সঙ্গে ফ্রী কথা বলার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে রাখা যাবে না। আপনারা প্রপোজাল দেন আমরা পাস করার চেষ্টা করব। সবগুলো করে দেব ওয়াদা করে গেলাম। দুর্নীতি মুক্ত একটা মন্ত্রণালয় করব। দেশটা লুটপাট করে শেষ করে দিল। আমি নিজেও চোর। কারণ, আমাকে তো আমি বাদ দিতে পারিনা।