ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম-এর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন আদালতে আবেদন করে সানজিদা খানম-এর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানান।
আবেদনে বলা হয়, সানজিদা খানম-এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। দুদকের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালানোর চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন স্থগিত করা জরুরি বলে উল্লেখ করা হয়।
আদালত দুদকের যুক্তি গ্রহণ করে সানজিদা খানম-এর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।