ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জামিন না দেওয়ার আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার বলেন, ট্রাইব্যুনাল যেসব প্রতিবেদন দেখতে চেয়েছিলেন- সে বিষয়ে তাদের কোনো নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। বিশেষ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রতিবেদন সংগ্রহের নির্দেশ ছিল না- বলে দাবি করেন তিনি।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, তাদের চাওয়া প্রতিবেদন এখনও জমা পড়েনি।
জবাবে চিফ প্রসিকিউটর জানান, জেল কর্তৃপক্ষ জানিয়েছে আসামির চিকিৎসা চলছে যা আপাতত যথেষ্ট। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এজন্য প্রসিকিউশন পক্ষ অতিরিক্ত এক মাস সময় চায়।
পরে ট্রাইব্যুনাল নির্দেশ দেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে একটি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আনা অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদনও দাখিল করতে বলা হয়। এসব প্রতিবেদন আগামী ৩০ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত এবং একই দিন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়।
এর আগে একবার জামিন পেলেও মুক্তি পাননি হুমায়ুন কবির পাটোয়ারী। এ কারণে ২৪ ফেব্রুয়ারি পুনরায় জামিন আবেদন করেন তার আইনজীবী। আজ সেই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
জামিন আবেদনে উল্লেখ করা হয়, হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত। একই রোগে তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়।
হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া অন্য মামলায় তাকে প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ মামলার অপর আসামিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তাদেরকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।