চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে অপরাধ দমনে ঘোষণা দিয়ে একযোগে ১০টি স্থানে বিশেষ অভিযান করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
রোববার (১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ১০টি দলে ভাগ হয়ে নগরের ১০টি এলাকায় একসঙ্গে এই অভিযান শুরু হয়। পুলিশের ভাষায় একই সময়ে একাধিক স্থানে যুগপৎ অভিযান পরিচালনাকে সিমালটেনিয়াসলি ড্রাইভ সংক্ষেপে এস ড্রাইভ বলা হচ্ছে।
রাত সাড়ে ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে ‘সিমালটেনিয়াসলি ড্রাইভ’ সংক্ষেপে ‘এস ড্রাইভ’ নামের এই বিশেষ অভিযানের ঘোষণা দেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। তিনি বলেন, মেট্রোপলিটন এলাকায় সিএমপির সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে একযোগে অভিযান পরিচালনা করা হবে।
পুলিশের ভাষায় এটিই ‘এস ড্রাইভ’। কোনো একটি আস্তানায় হানা দিলে যাতে অন্য অপরাধীরা সরে যেতে না পারে, সে জন্য একই সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে। ওসি থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত সব কর্মকর্তা এতে অংশ নেবেন।
এই অভিযানের পটভূমিতে রয়েছে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় আধুনিক ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা। এ ঘটনার পর থেকেই অপরাধীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। ওয়াহিদুল হক চৌধুরী বলেন, একটি ঘটনায় নগরবাসীর মনে কিছুটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সেই আশঙ্কা দূর করতেই এই অভিযান।