ঢাকা: রাজধানী ঢাকার যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে বড় ধরনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ মার্চ ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার বৈঠক শেষে এ তথ্য জানান বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক। বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকার যাতায়াত ব্যবস্থাকে জনবান্ধব করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল, লাইট রেল এবং ইলেকট্রিক বাস সার্ভিস চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
অধ্যাপক শামসুল হক জানান, প্রধানমন্ত্রী দীর্ঘ ১৬ বছর লন্ডনে বসবাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকার পরিবহন খাতকে আমূল বদলে দিতে চান। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে তিনি আগামী ১৮০ দিনের মধ্যে বিশেষ ইলেকট্রিক বাস সার্ভিস চালুর আগ্রহ প্রকাশ করেছেন, যা নারী চালকদের মাধ্যমে পরিচালিত হবে। ঢাকার ঘিঞ্জি এলাকাগুলোতে যেখানে ভারী মেট্রোরেল নির্মাণ কঠিন, সেখানে সাশ্রয়ী ও দ্রুত বাস্তবায়নযোগ্য মনোরেল বা লাইট রেল চালুর প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া দ্রুতগতির ট্রেন নেটওয়ার্কের মাধ্যমে চট্টগ্রামসহ অন্যান্য শহর থেকে ঢাকায় এসে অফিস করার পরিবেশ তৈরি করে রাজধানী বিকেন্দ্রীকরণের পরিকল্পনাও রয়েছে সরকারের।