রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত দলের ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
জানা যায়, সোমবার (২ মার্চ) ভোর রাতে ট্রাকে করে ৮ জন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী এ ঘটনা প্রত্যক্ষ করলে তাদেরকে আটক করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের মারপিট করার সময় একজন গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের ১ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকি ৭ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে হাসপাতালে রয়েছে।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ভোর রাতে একটি ট্রাকে তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে এবং মারপিট করলে ১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
এই ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হবে এবং আহতরা সুস্থ হলে গ্রেফতার দেখানো হবে বলেও জানান পুলিশ তিনি।