ঢাকা: রাজধানীর মিরপুরে বাসা থেকে অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আগামী ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। প্রসিকিউশনের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে মামলার এজাহার আদালতে দাখিল করা হয়। আদালত তা গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
এর আগে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় শনিবার রাতেই মামলা করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নানা ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলার অপর আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।