ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. গোলাম রব্বানী সই এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
নতুন নিয়োগ পাওয়া ডেপুটি প্রেস সেক্রেটারিরা হলেন- জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও সুজাউদ্দৌলা।
জাহিদুল ইসলাম রনি ‘লালগোলাপ’ খ্যাত বিশ্ববরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন।
এরপর তিনি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ-ইউএনবি (বাংলা সার্ভিস), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এমএম), দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলাদেশ ডিফেন্স জার্নাল এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিপ্রেস ডটনেট’-সহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক ধরে বার্তা ও রিপোর্টিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ভারতের কলকাতা থেকে প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস-নিউজ’ এর বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিনিধি। এ ছাড়া জাপান থেকে প্রকাশিত দৈনিক আসাহি শিম্বুনে (ঢাকা ব্যুরোতে) অতিথি প্রতিবেদক হিসেবে বেশকিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি।
জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম-পিআরএফের ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দু’বার দায়িত্ব পালন করেছেন।