Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৭:৪১ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৭:৫০

সংঘর্ষে নিহতরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সোরহাব আলী প্রামাণিকের বাড়ির দক্ষিণ পাশের উঠানে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে গেলে পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা সরকারি খাস পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী (৫০) ও ধামাইনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৮) মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আছমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষে দুই পক্ষ ধারালো অস্ত্র, হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল (৭০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ২টার দিকে মারা যান। একই সময় আব্দুস সালাম (৬০) নামের একজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রায়গঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর