ঢাকা: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে বাংলাদেশের অবস্থান একেবারে পরিস্কার। বাংলাদেশের নাগরিকদের কল্যাণে সরকার কাজ করবে। আমাদের নাগরিক যারা এখন মধ্যপ্রাচ্যে আছেন, যাদের কর্মসংস্থান এখন মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই মুখ্য। বাংলাদেশের মানুষের ভোটের নির্বাচিত সরকার অবশ্যই বাংলাদেশের মানুষের দিকটা দেখবে সেটাই স্বাভাবিক।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে কিছুটা অস্পষ্টতা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রশ্নের জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইস্যুতে নাগরিকদের সুবিধা-অসুবিধা ও তাদের নিরাপত্তা ইস্যু নিয়ে সরকার উদ্বিগ্ন। এগুলোকে টপ প্রায়োরিটি দিয়ে কাজ চলছে। যাদের ভিসা মেয়াদ শেষ হয়েছে ও টিকেট নিয়েছেন, তারা যেন বিপদে না পড়েন সেজন্য বৈঠক হয়েছে। বাংলাদেশি নাগরিকরা যেন সুরক্ষিত থাকে সে বিষয়েও কথা হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সোমবার (২ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র, বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্ত:মন্ত্রণালয় বৈঠক হয়। এই এতে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক ও প্রতিমন্ত্রী নূরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ অংশ নেন।
বৈঠক শেষে তিনি বলেন, সরকার বাংলাদেশ প্রথম নীতি মেনে চলছে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে যা করা দরকার সেটাই করার চেষ্টা করা হচ্ছে। আমরা সার্বিক বিষয়ের ওপর নজর রাখছি। পরিস্থিতির উন্নয়ন বা কোন উন্নতি হলে চার সপ্তাহে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে।