ঢাকা: বায়ুদূষণে আজ মঙ্গলবার (৩ মার্চ) বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার’র লাইভ সূচক অনুযায়ী, সকাল পর্যন্ত ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ২৩৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকায় ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর, যেখানে বায়ুর মান ২৩২। তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি, শহরটির স্কোর ১৯৬। দূষিত শহরের তালিকায় এরপর রয়েছে বেইজিং, কলকাতা ও কাঠমান্ডু।
একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল বাতাম। তালিকায় ভালো অবস্থানে আরও রয়েছে সল্ট লেক সিটি, স্যান ফ্রান্সিসকো এবং ক্যানবেরা।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘসময় এমন দূষিত বায়ুতে অবস্থান করলে শ্বাসকষ্ট, অ্যালার্জি, হৃদরোগসহ নানা জটিলতা বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার এবং শিশু ও বয়স্কদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।