Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভাইয়ের হাতে বোন খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১১:১০ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১২:০৮

অভিযুক্ত ও নিহতের ছোট ভাই জানে আলম।

চট্টগ্রাম: চট্টগ্রামে হালিশহরে পারিবারিক বিরোধের জের ধরে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই।

সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ভাইকে গ্রেফতার করলেও উত্তেজিত এলাকাবাসী তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়।

নিহতের নাম সেনোয়ারা বেগম (৬৫)। তার সহোদর ভাই ও অভিযুক্ত ঘাতকের নাম জানে আলম (৪২)। তারা উভয়েই ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তারাবির নামাজের সময় বোন ছেনোয়ারার বাসায় যায় জানে আলম। এ সময় পাওনা টাকার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জানে আলম ছুরিকাঘাত করে সেনোয়ারাকে হত্যা করে। ঘটনার পর বোনের সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন সারাবাংলাকে বলেন, পারিবারিক বিরোধের জেরে জানে আলম তার বড় বোনকে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই পরিবারে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে কথা–কাটাকাটির একপর্যায়ে জানে আলম ধারালো অস্ত্র দিয়ে তার বোনকে কুপিয়ে জখম করে এতে ঘটনাস্থলেই তার (সেনোয়ারা) মৃত্যু হয়।

সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর