ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে গণহত্যায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে এ মামলার বিচার চলছে।
মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ হচ্ছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ একজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। নিরাপত্তাজনিত কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি মামলায় দুইজন সাক্ষ্য দেন। প্রথম সাক্ষী ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে পা হারানো ইমরান হোসেন। তিনি জানান, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১১ থেকে মিরপুর-১০ এলাকায় যাওয়ার সময় গুলিবর্ষণের মুখে আন্দোলনকারীদের ভেতরে আশ্রয় নেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের ছোড়া গুলিতে তার ডান পা গুরুতরভাবে আহত হয়।
একই দিন দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। তিনি বলেন, নিজের চোখের সামনে ২০ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান তার ছেলে। ট্রাইব্যুনালে তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন। পরে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী দুই সাক্ষীকে জেরা করেন।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আর গত বছরের ৪ ডিসেম্বর এসব অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিন প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিল করা হয়।