Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে ‘ব্লাড মুন’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৩:৪৩ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৫:৫৮

ঢাকা: আজ মঙ্গলবার আকাশে দেখা যাবে বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। মহাজাগতিক এই ঘটনার সময় চাঁদ এক অপূর্ব তামাটে বা লালচে আভা ধারণ করবে, যা বিশ্বজুড়ে ‘ব্লাড মুন’ হিসেবে পরিচিত। যারা এবার এই দৃশ্য মিস করবেন, তাদের আবারও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে ২০২৮ সালের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, আজ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। তবে মূল আকর্ষণ অর্থাৎ পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে। আর বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। পুরো প্রক্রিয়াটি রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের বিদায়ের মাধ্যমে শেষ হবে।

বিজ্ঞাপন

পূর্ণগ্রাস গ্রহণের সময় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসা সূর্যের আলো প্রতিসারিত হয়ে চাঁদের ওপর পড়ে। বায়ুমণ্ডল নীল আলোকে বিচ্ছুরিত করে দিলেও লাল আলোর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যকে যেতে দেয়। নাসার তথ্য অনুযায়ী, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ যেভাবে লাল দেখায়, ঠিক একই কারণে চাঁদ তখন লালচে আভা পায়।

গ্রহণের কেন্দ্রীয় গতিপথ মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের আশপাশে থাকবে। তবে বাংলাদেশ থেকেও গ্রহণের শেষ অংশটি চমৎকারভাবে দেখা যাবে। দেশের বিভিন্ন বিভাগীয় শহরে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ দেখার সময় কিছুটা ভিন্ন হবে। সিলেটে বিকেল ৫টা ৫৪ মিনিট এবং চট্টগ্রামে ৫টা ৫৬ মিনিটে দেখা যাবে। ঢাকা ও বরিশালে সন্ধ্যা ৬টা ০১ মিনিট থেকে গ্রহণ দৃশ্যমান হবে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও রংপুরে সন্ধ্যা ৬টা ৪ মিনিট থেকে ৬টা ৭ মিনিটের মধ্যে গ্রহণ দেখা শুরু হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর