ঢাকা: আনসার ও ভিডিপিকে দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তায় আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় প্রধানমন্ত্রী বাহিনীটির পেশাদারিত্ব ও দেশপ্রেমের প্রশংসা করেন।
তিনি বলেন, দেশের সার্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপিকে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট কাজগুলোতে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতে আনসার ও ভিডিপির চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা বজায় থাকবে বলে বাহিনীকে আশ্বস্ত করেন তিনি।
এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।