ঢাকা: নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তালাবদ্ধ ছিল ভূমি অফিস। কর্মকর্তা-কর্মচারীর কেউ উপস্থিত না থাকায় অফিসের বারান্দায় বসেই সেবাগ্রহীতাদের অভিযোগ শোনেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান তিনি। সরকারি নিয়ম অনুযায়ী অফিস খোলার সময় সকাল ৯টা হলেও ৯টা ২৪ মিনিট পর্যন্ত অফিসে কাউকে পাওয়া যায়নি। এ সময় স্যুট পরিহিত প্রতিমন্ত্রীকে বারান্দায় বসে স্থানীয়দের সঙ্গে কথা বলতে দেখা যায়।
অফিস খোলা না থাকায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের পরও কর্মকর্তাদের অনুপস্থিতি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের অবহেলার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপস্থিত এক সেবাগ্রহীতা জানান, অনলাইনে মিউটেশনের আবেদন গ্রহণের পর পরবর্তী কার্যক্রম জানতে তিনি সকাল সাড়ে ৮টায় অফিসে আসেন। কিন্তু এসে দেখেন অফিস বন্ধ। এতে ভোগান্তিতে পড়তে হয় তাকে।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ভূমি অফিসগুলোকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যাবেন, যাতে সেবাগ্রহীতারা হয়রানিমুক্ত সেবা পান।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভূমি অফিস নিয়ে নেতিবাচক সংবাদ যেন আর না আসে এবং জনগণ সময়মতো সেবা পান সেই লক্ষ্যেই মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।