ঢাকা: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে নৌ পথে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
বুধবার ( ৪ মার্চ) ‘পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে নৌপথের নিরাপত্তা ও নৌযান চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা’ সংক্রান্তে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। ঢাকার নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই নৌ পুলিশের পক্ষ থেকে নৌ পথে আইন-শৃঙ্খলা রক্ষায় দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশ দূষণরোধ ও টিকেট কালোবাজারি, উচ্চমূল্য এবং চাঁদাবাজী প্রতিরোধে করণীয় বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হয়।
সভায় বক্তারা নিরাপদ নৌপথ সংক্রান্তে বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। নৌ পুলিশের বর্তমান কাজের প্রশংসা করে তা অব্যাহত রাখার অনুরোধ করেন এবং নৌ পুলিশ ইউনিটের কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পরামর্শ প্রদান করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আসন্ন ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন।
সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ রাখতে কাজ করছে নৌ পুলিশ। কোনো ডাকাত যাতে যাত্রীবেশে নৌযানে চলাচল করতে না পারে সেই ব্যাপারে সজাগ দৃষ্টি কামনা করে জোরদার নজরদারি রাখার জন্য সকলের প্রতি আহবান করেন। নদীপথের চ্যানেলে মাছ ধরার জাল পেতে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে অঞ্চল পুলিশ সুপারদের নির্দেশনা প্রদান করেন’। এছাড়া নৌ পথে নৌ টহল জোরদারসহ যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই আশা ব্যক্ত করে উপস্থিত সকলকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করে মতবিনিময় সভার সমাপ্ত ঘোষণা করেন।
উক্ত মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউপিসিএ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা, লঞ্চ মালিক সমিতি বাংলাদেশ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, লঞ্চ মালিক সমিতি,বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি, বাংলাদেশ কাগোর্ ভেসেল ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ লঞ্চ লেভার এসোসিয়েশন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, নৌ পুলিশের ডিআইজি এ্যাডমিন এন্ড ফাইনান্স, ডিআইজি ক্রাইম এন্ড অপারেশন্স, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) ঢাকা রেঞ্জ, নৌ পুলিশের পুলিশ সুপারবৃন্দ, সহকারি কমিশনার ডিএমপি সদরদপ্তর, নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি ও ভাচুর্য়ালি উপস্থিত ছিলেন।