ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমানের সূচকে খুব অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে শহরটির বাতাস।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৩১ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার একিউআই স্কোর ২৭১। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে স্কোর ২০১। এ ছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।
একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ুমান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের এ সময়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।