Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তাদের মেইনস্ট্রিম হতে দিইনি’— জামায়াতকে ইঙ্গিত করে সাবেক উপদেষ্টা রিজওয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৪:৩০ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৪:৩৬

ঢাকা: সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে একটি গণমাধ্যমকে বলেন, এই জাতীয় শক্তি যেন মেইনস্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদের (জামায়াত) আমরা মেইনস্ট্রিম হতে দিইনি।

গত সোমবার (২ মার্চ) সাংবাদিক মো. আদনান খানের (নয়ন আদিত্য) উপস্থাপনায় চ্যানেল ওয়ানের ‘মুখোমুখি’ নামক একটি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তবে বুধবার (৪ মার্চ) রাত থেকে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাক্ষাৎকার অনুষ্ঠানে সাংবাদিক নয়ন আদিত্য দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এর জবাবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, উগ্রবাদীদের সঙ্গে সখ্যতা করে অন্তর্বর্তী সরকারের কী লাভ? একটি শক্তি আছে— যে শক্তি আগে বিএনপি সরকারের সময় নারী নীতি বদলে দিয়েছিল। সেই শক্তি অন্তর্বর্তী সরকারের সময় কোনো নীতি বদলাতে পারেনি বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে উপস্থাপক নয়ন আদিত্য বলেন, সেই শক্তির একটি অংশ বর্তমানে বিরোধী দলে আছে। এরপর রেজওয়ানা হাসান বলেন, তাদের (জামায়াত) রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে— সে অংশ নিয়ে আমার-আপনার কাজ করা উচিত। কখনও যেন সেই শক্তি মেইনস্ট্রিম হতে না পারে, আমরা সেই কাজটি করতে পেরেছি। তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দিইনি।

অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন নিয়ে উপস্থাপক প্রশ্ন তুললে সাবেক উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন হয়েছে। আন্দোলন বন্ধ করতে যারা পদত্যাগ চেয়েছিল, তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে কথা বলতে হয়েছে।

তৎকালীন আন্দোলনকারীদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তাকে (রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন) একটি সংসদ রাষ্ট্রপতি করেছে, সেই সংসদের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়নি, তাহলে রাষ্ট্রপতি কীভাবে আইনসিদ্ধ হলো? তখন উপস্থাপক বলেন, এটা তো সংবিধানের ভাষা হয় না। জবাবে রেজওয়ানা হাসান বলেন, সংবিধান মেনে গণআন্দোলন হয় না।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার জামায়াতকে নিয়ে মন্তব্য ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে কৌশল করে জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি— এমন অভিযোগ করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর