Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী সদরে খাদ্য গুদামের সামনে ময়লার বাগাড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১১:৩৯

ছবি: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র ২ নম্বর রেলগেট হয়ে বাজার প্রবেশের সড়ক সদর খাদ্য গুদামের সামনের জায়গা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফলে তীব্র দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রবে পথচারী ও যাত্রীদের চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে। এই পথ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করে । শুধু এখানেই নয় শহরের বিভিন্ন স্থানেও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শহর ঘুরে দেখা গেছে সদর খাদ্য গুদামের সামনে, ধান বাজার হয়ে মাছ বাজার রোডের পাশে, বিনোদপুর বাড়ই পাড়া সড়কে, ডিলাক্স হোটেলের সামনেসহ বিভিন্ন স্থানে ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। এই ময়লাতে একদিকে যেমন বায়ু ও পরিবেশ দূষণ হচ্ছে, তেমনি পথচারীরা নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

বিজ্ঞাপন

এসব ময়লার ভাগার থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ। শ্বাসকষ্ট, অ্যাজমা, এলার্জিসহ বিভিন্ন রোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে জনসাধারণ। এই ময়লার ভাগাড় থেকে জন্ম নিচ্ছে মশা-মাছি, ছড়াচ্ছে বিভিন্ন প্রকার রোগ জীবাণু। দুর্গন্ধে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যানবাহনের যাত্রী, অফিসগামী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী, দোকানদাররা মারাত্মক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। কর্তৃপক্ষের কাছে বলেও কোন সমাধান পাচ্ছে না পৌরবাসী।

বিনোদপুর বাড়ই পাড়ার বাসিন্দা শিমুল দাস জানান, রাস্তার সাথে একটি হাউজ বানিয়েছিল ময়লা ফেলানোর জন্য। কিন্তু সেটা বানানো পর্যন্তই, আজ পর্যন্ত সেটি পরিষ্কার করে নাই কতৃপক্ষ। পাশ দিয়ে যাওয়া যাই না এত দুর্গন্ধ।

সদর খাদ্য গুদামের সামনে থেকে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্মরণ বলেন, প্রতিদিন এখান দিয়ে যেতে হয়, প্রচুর গন্ধ থাকে। নাক চেপে যাই। ময়লার স্তূপে সারাদিন মশা-মাছি ভনভন করে। মাঝে মাঝে পঁচা-আবর্জনা পোড়ানো হয়। সেগুলো পোড়ানোর ধোঁয়ার তীব্র গন্ধে চলাচল করতে কষ্ট হয়।

আলামীন নামের একজন বলেন, বাজারে ঢোকার পথেই এমন ময়লার ভাগাড়। এগুলো কি কতৃপক্ষ চোখে দেখে না। কিছুদিন পরে বৃষ্টি হবে। তখন তো চলাচল করাই কষ্ট হবে। মাঝে মাঝে পঁচা গন্ধ থাকে। চলাচলা খুব কষ্ট হয়। আমরা চাই এখান থেকে ময়লা গুলো সড়ানো হোক।

এদিকে রাজবাড়ী শহরের পুলিশ লাইনের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক ব্যস্ত মহাসড়কের পাশে গত কয়েক বছর ধরে ময়লার ভাগাড়ে পরিণয় হওয়ায় সেটি রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান উদ্যোগ নিয়ে পৌরসভার সহযোগিতায় বুধবার (৪ মার্চ) তা পরিষ্কার করেন।

রাজবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক বলেন, পৌরসভা এলাকায় একটা এনজিও বাসাবাড়ি থেকে ময়লা কালেকশন করে। সেগুলো ডাম্পিং স্টেশনে ফেলানোর কথা থাকলেও কিছু ডাম্পিং স্টেশনে না ফেলে যেখানে সেখানে ফেলে। যার কারণে ময়লার ভাগাড় তৈরি হয়েছে। আমরা অতি দ্রুতই শহরের ময়লার ভাগাড় গুলো পরিষ্কার করব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর