ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজার হোসেনী দালান এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে খবর পেয়ে হোসেনী দালানের বাসা থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে, গতকাল ইফতারের সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যায়। এরপর রাতে বামায় ফিরে দরজা ভিতর থেকে বন্ধ পায়। পরে দরজা ভেঙে দেখে ওই নার্স ফ্যানের সঙ্গে ঝুলে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ওই নার্স মৃত্যুর আগে একটি চিরকুট লিখে দিয়ে গেছে। যাতে লেখা আছে- ‘স্বামী ইলিয়াসসহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিচার করতে হবে’। পরিবার এখনো থানায় আসেনি। পরিবার আসলে আত্মহত্যা প্ররোচণার মামলা নেওয়া হবে।
মৃত ববির মামাতো ভাই ফরহাদ হোসেন বলেন, তাদের বাড়ি সিরাজগঞ্জরসদর উপজেলার রেলওয়ে কলোনিতে। স্বামী ইলিয়াসের সঙ্গে থাকত ওই বাসায়। ববি ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নার্সের চাকরি করত। আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে ববির মরদেহ দেখতে পাই। ঘটনার বিস্তারিত এখনো জানতে পারিনি।