ঢাকা: রাজধানী ঢাকা শহরের বায়ুর মান দিন দিনই উদ্বেগজনক হয়ে উঠছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করা এই দূষণ আজ সাপ্তাহিক ছুটির দিনেও চরম অবস্থায় পৌঁছেছে।
শুক্রবার (৬ মার্চ) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এর বায়ুমান সূচকের তথ্য অনুযায়ী, আজ ঢাকার দূষণমাত্রা দাঁড়িয়েছে ৩৭১। এই মাত্রাকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর শহর। সেখানে দূষণমাত্রা ২৮৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে হ্যানয় শহর, যেখানে দূষণমাত্রা ১৮১। এরপর রয়েছে ইয়াঙ্গুন ১৮১, দিল্লি ১৭৪, কাঠমান্ডু ১৬৯, কাম্পালা ১৬৮, কলকাতা ১৬৭, চিয়াং মাই ১৬০ এবং হাংজৌ শহরের দূষণমাত্রা ১৪৯।
বায়ুর মান নির্ধারণে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। সূচক শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয় এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ের দূষণ হিসেবে গণ্য করা হয়।
এদিকে আজকের পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। সংস্থাটি জানিয়েছে, এমন পরিস্থিতিতে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। পাশাপাশি বাইরে শরীরচর্চা না করা এবং যতটা সম্ভব ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।