রাজবাড়ী: ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’-এই পতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, পাট ব্যবসায়ী ফয়সাল, আবুল কাশেম মিয়া, মিশন খন্দকার বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ফরিদপুর পাট অধিদফতরের পরিদর্শক মো. আবদুছ ছালাম।
এনডিসি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায়তে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পাট ব্যবসায়ী, পাট চাষীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির উপর জোর দেন। এছাড়া পাট চাষিরা যাতে তাদের পন্যের ন্যায্যমূল্য পান সে বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভাতে আরও বলা হয়, পরিবেশ দূষণ রোধ ও পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ প্রণয়ন করেছে। এ আইনের আওতায় ধান, চাল, গম, ভূট্টা,সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, পোল্ট্রি ফিড, ফিস ফিড, ও তুষ-খুদ-কুঁড়া মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আইন অমান্যকারীর শাস্তি অনধিক এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।