সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলার সরকারি উন্নয়ন প্রকল্পের একটি গ্রামীণ রাস্তা থেকে ইট লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে টাস্কফোর্স। এ ছাড়া জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ইট।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী উপজেলার কসকনপুর, মুনশীবাজার, বলরামেরচক, আইয়র ও উত্তর আইয়রসহ আশপাশের গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. মাহফুজুল ইসলাম চৌধুরী (২৫) বিরেন্দ্র দাস (৬৫), মিন্টু দাস (৩২), সাকিব আহমদ (১৮), ভজন দাস (২৯) ও আলতাফ আহমদ লস্কর (৬৫)। এদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ রাস্তার সরকারি ইট রাতের আঁধারে গায়েব হয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে ইট উদ্ধারে বিশেষ অভিযান চালায় টাস্কফোর্স।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাসুদুর রহমান বলেন, সরকারি রাস্তা থেকে ইট লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার এবং বিপুল ইট জব্দ করা হয়েছে। ইট লুটের সাথে জড়িত অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
জামায়াত নেতা আটকের বিষয়ে জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘আমরা প্রশাসনের সাথে আলাপ করছি বিষয়টি খতিয়ে দেখছি। এবং আগামীকাল প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল শনিবার (৭ মার্চ) আসামিদের আদালতে সোপর্দ করা হবে। এখন পর্যন্ত ৪০ থেকে ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, রাস্তাটি থেকে প্রায় চার লাখ ইট লুটপাট হয়েছে।
অভিযানে পুলিশ, বিজিবি, আনসার, পানি উন্নয়ন বোর্ডের সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।